দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

অতীতের ১৭ বছরে এ অঞ্চলের মানুষ সঠিকভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি বলে মন্তব্য করেছেন গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানী। তিনি বলেন, জাতীয় নির্বাচনের দিন সকাল ১১টার পর ভোটকেন্দ্রে যাওয়ার প্রয়োজন হতো না। ভোটের নামে গণতন্ত্রকে কলুষিত করা হয়েছিল। তবে সর্বশেষ নির্বাচনে মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোটকেন্দ্রে এসে ভোটাধিকার প্রয়োগ করেছে।
রোববার (২৬ জুলাই) দুপুরে কোটালীপাড়া উপজেলার পল্লী উন্নয়ন একাডেমি অডিটোরিয়ামে উপজেলা বিএনপি আয়োজিত বিশেষ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করার লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।
সর্বশেষ নির্বাচন প্রসঙ্গে এস এম জিলানী বলেন, “আমি বিএনপির কোনো নেতাকর্মীকে বলিনি যে, তারা জাল ভোট দিয়ে আমাকে এমপি বানাবে। আমি শুধু বলেছিলাম মানুষকে ভোটকেন্দ্রে আনার জন্য কাজ করতে। মানুষ ভোটকেন্দ্রে এসেছে এবং তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছে। আমি ৬১ হাজার ভোট পেয়েছি, একজন প্রতিদ্বন্দ্বী প্রার্থী ৩৪ হাজার এবং আরেকজন প্রায় ২৫ হাজার ভোট পেয়েছেন। এটিই প্রমাণ করে মানুষ স্বাধীনভাবে ভোট দিয়েছে।”
দলের সাংগঠনিক দুর্বলতা চিহ্নিত করে বিএনপিকে আরও শক্তিশালী করার আহ্বান জানিয়ে তিনি বলেন, “আজকের মতবিনিময় সভার উদ্দেশ্য হচ্ছে সংগঠনকে ঢেলে সাজানো। যেখানে দুর্বলতা রয়েছে, তা চিহ্নিত করে বিএনপিকে আরও শক্তিশালী করতে হবে। ইউনিয়ন ও পৌরসভা থেকে আসা নেতারা তাদের মতামত দেবেন। আমরা ধৈর্যসহকারে তা শুনব এবং পর্যালোচনা করে কোটালীপাড়ায় জাতীয়তাবাদী দলের কার্যক্রম পরিচালনা করব। তৃণমূল নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে দলকে সুসংগঠিত করে আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়ন করতে হবে।”
নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের প্রসঙ্গ তুলে তিনি বলেন, “বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনের আগে জাতির কাছে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, ভোটের পরপরই তা বাস্তবায়নের উদ্যোগ নিয়েছেন। কৃষকদের সুদসহ ১০ হাজার টাকার কৃষিঋণ মওকুফ, ফ্যামিলি কার্ড প্রদান এবং কৃষক কার্ড বিতরণ তারই অংশ। বিএনপি মানুষের কাছে যে প্রতিশ্রুতি দেয়, তা বাস্তবায়নে বিশ্বাস করে। এই এলাকার মানুষের কাছে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের কাজ চলমান রয়েছে। যতদিন দায়িত্বে থাকব, ততদিন মানুষের কল্যাণে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করে যাব।”
কোটালীপাড়া উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। সভায় সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণ, তৃণমূল পর্যায়ে দলীয় কর্মকাণ্ড গতিশীল করা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়।
এমএস/